প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
ডেঙ্গু প্রতিরোধে মিরসরাইয়ে প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চট্টগ্রামের মিরসরাইয়ের কাটাছরা ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক মশক নিধন কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বামনসুন্দর দারোগারহাট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এসব মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার। প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অলিউল কবির ইকবাল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কাটাছরা ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলের সদস্যসচিব জাবেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, কাটাছরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সামছুদ্দীন খোকন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম চৌধুরী মাসুম ও মোজাম্মেল হোসেন। এ ছাড়া কাটাছরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হাশেম, সদস্যসচিব কামরুল ইসলাম এবং ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন অমিতসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি। মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।
তাঁরা আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণের ফলে স্থানীয় পর্যায়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা সহজ হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট